কোচিংনির্ভর শিক্ষা কি শিক্ষার্থীদের সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে? প্রযুক্তির অসম প্রাপ্যতা কি এখনও অনেক শিশুকে শেখার সুযোগ থেকে পিছিয়ে রাখছে?
এসব সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো “শিক্ষা থেকে সম্ভাবনা” শীর্ষক আঞ্চলিক আলাপন। স্থানীয় সহযোগী সংগঠন উদয়ন স্বাবলম্বী সংস্থা–এর সহযোগিতায় Institute for Informed Development (IID) ও Youth for Policy (YfP) আয়োজিত এ আয়োজনে অংশ নেন নীতিনির্ধারক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, তরুণ ও স্থানীয় প্রতিনিধির সহ IID এর নির্বাহী প্রধান সাঈদ আহমেদ এবং আইআইডি এর সিনিয়র যুগ্ম পরিচালক ও ইয়ুথ ফর পলিসি প্রধান সানজিদা রহমান।
আলোচনায় উঠে আসে বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা বাস্তবতা- কোচিং নির্ভরতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতি, শহর ও গ্রামাঞ্চলের বৈষম্য, এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক শেখার পরিবেশের প্রয়োজনীয়তা। অংশগ্রহণকারীরা মনে করেন, শুধু পাঠ্যক্রম নয়; শিক্ষাকে হতে হবে আরও অন্তর্ভুক্তিমূলক, ব্যবহারিক ও ভবিষ্যতমুখী।
আলাপনে প্রযুক্তি শিক্ষার গুরুত্বের পাশাপাশি কার্যকর নীতি বাস্তবায়ন, সমন্বিত উদ্যোগ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শেখার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা নিয়ে তরুণদের অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা এবং বিভিন্ন পক্ষের মতামতের সমন্বয়ে আয়োজনটি হয়ে ওঠে একটি অর্থবহ সংলাপের প্ল্যাটফর্ম।